খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চতরংখোলায় ডাবল টিভি মিনি বার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের চতরংখোলা যুবসমাজের উদ্যোগে "খেলাধুলা হোক মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ডাবল টিভি মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচ শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় চতরংখোলা পূর্বপাড়া আবুল হোসেন মিয়ার বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আলোকসজ্জায় সজ্জিত মাঠ, উৎসবমুখর পরিবেশ এবং হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। মাঠজুড়ে ছিল বাঁশি, করতালি ও উচ্ছ্বাসের ধ্বনি। উদ্বোধনী ম্যাচে শাহপুর ফুটবল একাদশ ও খামার গ্রাম ফুটবল একাদশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের মুগ্ধ করে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময় শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা (ভিপি মারুফ)। তিনি বলেন, "তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। চতরংখোলা যুবসমাজের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।"
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আলমগীর সরকার টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।
চতরংখোলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম মাস্টারের সভাপতিত্বে এবং মো. জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন মেম্বার, মো. সফিকুল ইসলাম মাস্টার, মো. ইসহাক মেম্বার, মো. আব্দুল আজিজ সরকার, মো. সাইদুল হক (সৌরভ মেম্বার),সমাজ সেবক শেখ মুসফিকুল রহমান রুমেল, ভূতাইল সেতুবন্ধন প্রবাসী সেতুবন্ধন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আবুল বাশার এটি এম মো. নায়েব আলী, মো. সেলিম মেম্বার,জাকির হোসেন, নাজমুল হোসেন, সুমন মিয়া মো. আবুল হোসেন, মোহাম্মদ আলী মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।