ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সরাইল রিজিয়নে বিজিবির পূর্ণ প্রস্তুতি, সীমান্তে জোরদার নিরাপত্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরাইল রিজিয়নে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নির্বাচনকালীন সময়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার সিলেট সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজিবি জানায়, সরাইল রিজিয়নের আওতাধীন প্রায় ১২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সিলেট সেক্টরের অধীন ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে, যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব না পড়ে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সরাইল রিজিয়নের অধীন ৪টি সেক্টর ও ১৩টি ব্যাটালিয়নের ৬৬০০ বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তারা ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে। মোট ৩৩০ প্লাটুন মাঠপর্যায়ে কাজ করবে বলে জানানো হয়েছে।
সিলেট বিভাগে সিলেট ও শ্রীমঙ্গল সেক্টরের আওতায় ৯০টি প্লাটুনে প্রায় ২১০০ সদস্য দায়িত্ব পালন করবেন। সিলেট সেক্টরের অধীনে দুই জেলার ১০টি আসনে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে এবং আরও কয়েকটি উপজেলায় যৌথ ও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
নির্বাচনী এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে কেএনাইন ইউনিটের চারটি প্রশিক্ষিত ডগ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলেও জানানো হয়।
বিজিবি আরও জানায়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব সদস্যকে আগেই রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন সদস্য মোতায়েন থাকবে।
ব্রিফিংয়ে জানানো হয়, সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে বিজিবি আশাবাদী। জনগণের আস্থা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাহিনীটি।