একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ডা. শফিকুর রহমানের সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত থেকে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাবেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই প্রথম মহান শহীদ দিবস। বিরোধীদলীয় নেতার এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। দিবসটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ডা. শফিকুর রহমান এর আগেই এক বার্তায় মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন।