আবারও স্বৈরতন্ত্রের শঙ্কা তৈরি হয়েছে: সিলেটে নাহিদ ইসলাম
দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রের ভবিষ্যৎ এবং পুনরায় একদলীয় স্বৈরতন্ত্রের উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন যে বর্তমানে প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দলীয়করণ করা হচ্ছে।
বুধবার সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান অবস্থাকে ‘বেহাল দশা’ হিসেবে অভিহিত করে এর পেছনে বিগত গণঅভ্যুত্থান পরবর্তী সঠিক সিদ্ধান্ত নিতে না পারাকে দায়ী করেন।
বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাসস-এর বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশে পুনরায় স্বৈরতন্ত্র ফিরে আসবে কিনা এমন প্রশ্ন এখন জনমনে তৈরি হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু ভুল সিদ্ধান্তের কারণে দেশ আজ সংকটে। তাই এবার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ এই ইফতার মাহফিলে অংশ নেন।
একটি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ভিত্তি হলো তার নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো। রাজনীতির মারপ্যাঁচে যখন সাধারণ মানুষের আস্থার জায়গাগুলো সংকীর্ণ হয়ে আসে, তখন নতুন করে জেগে ওঠার প্রত্যয়ই মুক্তির পথ দেখায়। পারস্পরিক ভুল থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন কখনও ফিকে না হয়, সেটাই আজ সাধারণ মানুষের প্রত্যাশা।