পাঁচ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবার বড় কাটছাঁট, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা
দেশের সোনার বাজারে চলতি বছরের শুরু থেকেই অস্থিরতা অব্যাহত রয়েছে। বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় রাখতে গিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের ঘোষিত নতুন মূল্য ১২ ঘণ্টাও স্থায়ী হচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বড় পরিসরে পরিবর্তন করা হয়েছে।
বাজুস জানায়, এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম কার্যকর করা হয়। তবে এর কয়েক ঘণ্টা পরই বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ফের দাম কমানোর সিদ্ধান্ত জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আরও ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ মূল্যহ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা ঠিক করা হয়েছে।
এদিকে বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ কমবেশি হতে পারে।
দফায় দফায় দাম পরিবর্তনের কারণে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তবে বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় রাখতেই মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছে বাজুস।